ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ — ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে এবার সোচ্চার হয়েছেন দেশের আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। একইসঙ্গে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের আন্দোলনেও জোরালো সংহতি প্রকাশ পেয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, “ইসরায়েলি বাহিনী গাজার নিরীহ জনগণের ওপর যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা বিশ্ব মানবতার জন্য একটি কলঙ্ক।” তারা অভিযোগ করেন, নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, এমনকি হাসপাতাল ও মসজিদের মতো নিরাপদ স্থানও রেহাই পাচ্ছে না। এসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তারা।
আইনজীবীরা আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের বিচার দাবি করেন এবং বিশ্ববাসীকে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি, তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান জনগণের প্রতি।
অন্যদিকে, গাজায় হামলার প্রতিবাদে সকাল থেকেই দেশব্যাপী পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছে। আন্দোলনে অংশ নিচ্ছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাধারণ জনগণ।
এই কর্মসূচির আওতায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, মহাখালী, ফার্মগেট, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি—সহ একাধিক পয়েন্টে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বরিশাল, খুলনা, রংপুর, ঝিনাইদহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সাতক্ষীরা ও পিরোজপুরেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ চলছে।
আন্দোলনকারীরা বলছেন, এই গণজাগরণ শুধু সংহতির বার্তা নয়, বরং মানবিকতার পক্ষে অবস্থানের একটি দৃপ্ত ঘোষণা। যতদিন না গাজায় গণহত্যা বন্ধ হচ্ছে, ততদিন এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন