ঢাকা, ১ মে ২০২৫ (বৃহস্পতিবার)
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আরও এক ধাপ এগিয়ে গেছেন। কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছেন তিনি—এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমকে তিনি জানান, শমিত সোম আগামী এক-দু’দিনের মধ্যেই কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন।
ফাহাদ করিম বলেন, “শমিতের পাসপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই ফিফার কাছে জাতীয় দলে খেলার অনুমতির জন্য আবেদন করা হবে।”
বাফুফের পরিকল্পনায় রয়েছে, আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই তাকে প্রথমবারের মতো মাঠে নামানো। তবে প্রক্রিয়াগত কারণে তা সম্ভব না হলে, তাকে দ্রুত ঢাকায় এনে জাতীয় দলের সঙ্গে পরিচয়পর্ব শেষ করতে চায় ফেডারেশন।
শমিত সোমের জাতীয় দলে সম্ভাব্য অন্তর্ভুক্তি ঘিরে দেশের ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন